বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

১৪ বছর পর কলকাতায় মেসি, মধ্যরাতে বিমানবন্দরে ভক্তদের উচ্ছ্বাস


প্রকাশ :

দীর্ঘ ১৪ বছর পর আবার কলকাতায় পা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে তিনি কলকাতায় পৌঁছান, যার মধ্য দিয়ে শুরু হয় ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। গভীর রাত হলেও শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় নামেন মেসি। তার ফ্লাইট অবতরণের আগেই বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত জড়ো হন। বিশ্বকাপজয়ী তারকার এক ঝলক দেখার অপেক্ষায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেসি বিমানবন্দর এলাকায় পৌঁছালে ভক্তরা তার নাম ধরে স্লোগান দেন, আর্জেন্টিনার পতাকা নাড়ান। কেউ কেউ ব্যারিকেডে উঠে পড়লে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়।

সফরের আয়োজক শতদ্রু দত্ত বলেন, ১৪ বছর পর মেসির ভারতে আগমন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আবেগ তৈরি করেছে। তার মতে, ভারতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে এবং আগের তুলনায় এখন অনেক বেশি স্পনসর এই খেলাটির পাশে দাঁড়াচ্ছে।

মেসির আগমনের বহু আগে থেকেই ভক্তরা বিমানবন্দরে ভিড় করেন। এক ভক্ত বলেন, তারা দুই ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতেও প্রস্তুত—কারণ এমন সুযোগ জীবনে একবারই আসে।

তিন দিনের সফরে মেসি কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সফর করবেন। কলকাতায় তার সূচি বেশ ব্যস্ত। সকালে নির্ধারিত সময়ে তিনি আমন্ত্রিত অতিথি ও আয়োজকদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে অংশ নেবেন। এরপর অনলাইনে যুক্ত হয়ে নিজের নামে নির্মিত একটি ভাস্কর্যের উদ্বোধন করবেন, যা শহরের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনের মূল আকর্ষণ সন্ধ্যায়। যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন মেসি। একই ভেন্যুতে ভক্তদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের আয়োজনও রয়েছে। এই আয়োজন দিয়েই কলকাতার সূচি শেষ হবে।

ইভেন্টে প্রবেশের জন্য ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। টিকিটের দাম শুরু ছিল প্রায় ৪ হাজার ৫০০ রুপি থেকে। ব্যাপক চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়।