বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

সৌদি লিগে সালাহকে ফেরানোর জোর চেষ্টা


প্রকাশ :

লিভারপুলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও নতুন চুক্তির পরও মোহাম্মদ সালাহকে নিয়ে সৌদি প্রো লিগের আগ্রহ কমেনি। ক্লাব–কোচের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন সেই আগ্রহকে আরও উসকে দিয়েছে।

লিভারপুলে সালাহর সময়টা এখন ভালো যাচ্ছে না। দল খারাপ ফর্মে থাকায় টানা তিন ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়নি। দুই ম্যাচে বদলি হিসেবেও নামার সুযোগ পাননি। লিডস ইউনাইটেডের সঙ্গে ৩–৩ ড্রয়ের পর তিনি সরাসরি অভিযোগ করেন, ব্যর্থতার দায় চাপিয়ে তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে। কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে জানুয়ারিতে দল ছাড়ার ইঙ্গিত দেন।

ক্লাব এসব মন্তব্য সহজভাবে নেয়নি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের দলেও রাখা হয়নি তাঁকে। ফলে লিভারপুলে সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

ঠিক এই সময় সৌদি লিগের ক্লাবগুলো আবারও নড়েচড়ে বসেছে। লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল জানিয়েছেন, সালাহকে তারা স্বাগত জানাতে প্রস্তুত। তাঁর ভাষায়, সালাহ এখনো লিগের সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একজন।

তবে সবাই একই মতের নন। আল খলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ মনে করেন, সালাহ লিগের সঙ্গে খুব মানানসই নন। তাঁর মতে, বয়স ৩৩ হওয়ায় এবং সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশার নিচে থাকায় সালাহর পরিবর্তে তরুণ খেলোয়াড়দের দিকে নজর দেওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন করতে হলে তিনি সালাহর বদলে ভিনিসিয়ুস জুনিয়রকেই বেছে নিতেন।

এর আগে সালাহ বিপুল অঙ্কের প্রস্তাব থাকার পরও সৌদি লিগে যেতে রাজি হননি এবং লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি তাঁর ভবিষ্যৎকে নতুন করে অনিশ্চয়তায় ঢেকে দিয়েছে।