লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুরাতন পরিষদ মাঠে চন্দ্রপুর সমাজকল্যাণ সংস্থা আয়োজিত শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (২য় আসর) এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) রাতে পুরো মাঠ ও আশপাশের এলাকায় আলো, ব্যানার ও দর্শকের উচ্ছ্বাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সফল চেয়ারম্যান, ৫নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ও আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখার মধ্য দিয়েই সমাজকে একটি সুশৃঙ্খল ও মাদকমুক্ত পথে এগিয়ে নেওয়া যায়। এ আয়োজন সে লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ আয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর হাট বাজার বণিক সমিতির সভাপতি ও চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম। এছাড়া ছিলেন সাবেক ইউপি সদস্য ও লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আলাল উদ্দিন এবং চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। তাদের উপস্থিতি মাঠে থাকা খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসাহ যোগায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব আক্কেল আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সহ-সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের মনোবল বাড়ান। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
টুর্নামেন্টের আয়োজন করছে চন্দ্রপুর সমাজকল্যাণ সংস্থা। আয়োজক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মাসুদ রানা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট, চাপারহাট।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মাঠে নেমে আসে তরুণ ফুটবলাররা, আর দর্শকদের করতালিতে জমে ওঠে রাতের ফুটসল উৎসব।
উদ্বোধনী খেলায় বেতগাড়ী ফুটবল ফেডারেশন (রংপুর) বনাম ব্রাদার্স ইউনাইটেড এফসি (কাকিনা) চরম উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে বেতগাড়ী ফুটবল ফেডারেশন (রংপুর) জয়ী হয়।