সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

ক্যাম্প ন্যুতে আতলেতিকোকে হারাল বার্সা


প্রকাশ :

লা লিগার শীর্ষের লড়াইটা খুব টানটান জায়গায় এসে দাঁড়িয়েছে। জিরোনার বিপক্ষে রিয়ালের ড্র বার্সেলোনাকে সাময়িক স্বস্তি দিলেও পরের বাধা ছিল আতলেতিকো মাদ্রিদ। প্রতিপক্ষের ধারাবাহিকতা, নিজের মাঠের চাপ—সব মিলিয়ে অস্বস্তি ছিল সমর্থকদের চোখেমুখে। কিন্তু ক্যম্প ন্যুতে সেই আশঙ্কা উল্টে চমৎকার জয় তুলে নিল বার্সা, পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–১।

শুরুটা প্রত্যাশামতো ছিল না। আক্রমণ করছিল বার্সেলোনা, গোল করল আতলেতিকো। ১৯ মিনিটে অ্যালেক্স বায়েনার শটে পিছিয়ে পড়ে ফ্লিকের দল। কিন্তু ওই ধাক্কা খুব বেশিক্ষণ টিকতে দেয়নি বার্সা। সাত মিনিট পর পেদ্রির নিখুঁত পাস, আর রাফিনিয়ার নিঃশ্বাস বন্ধ করা ফিনিশ—খেলায় সমতা।

তারপর এল বাঁক বদলানোর সুযোগ। ৩৬ মিনিটে পেনাল্টি পেয়ে তা কাজে লাগাতে পারলেন না লেভানডফস্কি। বিরতির পর বার্সার গতি বাড়ে। ৬৫ মিনিটে লেভার ডিফেন্স ভাঙা পাস থেকে দানি ওলমোর গোল স্কোরলাইন বদলে দেয়। যোগ করা সময়ের শেষ দিকে ফেরান তোরেসের গোল আতলেতিকোর রাতটা আরও ভারী করে তোলে।

লা লিগায় এই মৌসুমে পিছিয়ে থেকেও জয় পাওয়ার ঘটনায় বার্সেলোনা এখন নিজেদের আলাদা জায়গায় দাঁড় করিয়েছে। পাঁচবার ম্যাচ ঘুরিয়ে জয়—অন্য কোনো দল দুবারের বেশি পারেনি।

আতলেতিকোর দিকটা দেখলে ছবিটা আরও পরিষ্কার। মৌসুমের শুরুতে হোঁচট খাওয়ার পর টানা ১৩ ম্যাচ অপরাজিত যাওয়া দলটিকে থামিয়ে দিল বার্সার মাঠ।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্টে পিছনে। ভিয়ারিয়াল, আতলেতিকো—সবাই লড়াইয়ে আছে, কিন্তু আপাতত শীর্ষস্থানটা বার্সাই ধরে রাখল।

ম্যাচ শেষে হান্সি ফ্লিক খুশি কিন্তু মাটিতে থাকা মানুষ। বললেন, শিরোপার হিসেব পরে, কিন্তু দল আগের ছন্দে ফিরছে—এটাই বড় কথা।

রাফিনিয়ার ভাষায়, এ ধরনের ম্যাচ ঘুরিয়ে জিততে হলে বিশ্বাসটা ধরে রাখতে হয়। প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়ায়, আর মৌসুমের শেষ দিকে এই তিন পয়েন্ট বড় ছবিতে প্রভাব ফেলতে পারে।

বার্সেলোনার জন্য এটা শুধু জয় নয়, একটা বার্তা—ওরা এখনো লড়াইয়ে এবং ভয়ানক সিরিয়াস।