পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সামরিক সদস্য বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন।
রোববার (২৪ মে) সকালে কোয়েটার চমন ফটক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানানো হয়, একটি বিস্ফোরকবোঝাই গাড়ি ট্রেনের বগির সঙ্গে ধাক্কা লাগার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রেললাইনের পাশে হওয়া এ বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ট্রেনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশে থাকা অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আশপাশের ভবনের জানালা ও কাচ ভেঙে যায়।
ঘটনার পরপরই কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলস্টেশনে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাবর ইউসুফজাই জানিয়েছেন, বিস্ফোরণের পর সংশ্লিষ্ট সব সংস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশে ভিড় না করার আহ্বানও জানানো হয়েছে।