সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা: নিহত ১৬


প্রকাশ :

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায়। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি বাঁক ঘোরার সময় সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে অনেক যাত্রী বাইরে ছিটকে পড়েন, আর অনেকে বিধ্বস্ত বাসের নিচে আটকা পড়েন।

আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং এখনই তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাসটি সিয়ারা অঙ্গরাজ্যে পালিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।

সংবাদ সম্মেলনে আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, "বাসটি বাঁকে সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। কিছু মানুষ বাইরে ছিটকে পড়েছে, অনেকে গাড়ির নিচে চাপা পড়েছে। এটি খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক দুর্ঘটনা।"

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাসটি এক পাশ হয়ে পড়েছে এবং আশপাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন। গুরুতর আহত এক শিশুসহ অনেক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস শোক প্রকাশ করে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অস্বাভাবিক নয়। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর ও ডিসেম্বরেও উত্তর-পূর্বাঞ্চল এবং মিনাস জেরাইস অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছিল।