সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই কিয়েভ–খারকিভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশ :

যুক্তরাষ্ট্রের ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পরপরই আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তীব্র শীতের মধ্যেই মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে এসব আঘাত আসে বলে ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডার কারণে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হয়েছেন। পরে ক্রেমলিন জানায়, এই যুদ্ধবিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে—তবে আবহাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

কিয়েভ কর্তৃপক্ষের ভাষ্য, ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়া একাধিকবার আক্রমণ চালিয়েছে। কিয়েভ সিটি মিলিটারি প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লেখেন, “প্রচণ্ড শীতের মধ্যেই রাতে রাজধানীতে আরেক দফা বড় হামলা হয়েছে।” তিনি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান এবং পরে জানান যে হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

একই রাতে খারকিভেও রুশ গোলাবর্ষণ হয়। আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় মূলত জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে, যাতে তুষারপাতের মধ্যে শহর তাপহীন হয়ে পড়ে। এখানেও দুইজন আহত হয়েছেন।

সেদিন রাতে কিয়েভে তাপমাত্রা নেমে যায় মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে, আর খারকিভে ছিল মাইনাস ২৩ ডিগ্রি।

আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের চার বছর পূর্ণ হবে। এর মধ্যেই বুধবার আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দ্বিতীয় দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে ভূখণ্ড ইস্যুতে এখনো বড় অচলাবস্থা রয়ে গেছে। মস্কো দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে, যা কিয়েভ স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে।