আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে, যদিও দিল্লি এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তারা প্রতিনিধি পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত করেনি। শুধু ভারত নয়, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকেও আমন্ত্রণ দেওয়া হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের পর্যবেক্ষক দল চূড়ান্ত করছে।
অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এবারের নির্বাচনে অংশ নিতে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।