সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সেবা ঘাটতির অভিযোগে ১,৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি


প্রকাশ :

পবিত্র ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম ও সেবার মানে ঘাটতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় প্রায় ৫ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় জানিয়েছে, ধারাবাহিক মূল্যায়নে দেখা গেছে—এই এজেন্সিগুলো ওমরাহযাত্রীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং নির্ধারিত মানদণ্ড মানেনি। এ কারণেই তাদের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

এখানেই থেমে থাকেনি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে নিজেদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, শাস্তি দেওয়া নয়, বরং মানসম্মত সেবা নিশ্চিত করতেই এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করলে স্থগিত চুক্তি পুনর্বহাল করা হবে। তবে যেসব ওমরাহযাত্রীর বৈধ ভিসা রয়েছে বা যাদের আগাম বুকিং করা আছে—তাদের যাত্রায় এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করেছে সৌদি কর্তৃপক্ষ।