সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী আর নেই


প্রকাশ :

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। খবর আরব নিউজের।

এজেকে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর শনিবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী রোববার বিকেল ৪টায় মীরপুর ক্রিকেট স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, আজাদ কাশ্মীরের মানুষের কল্যাণে সুলতান মাহমুদ চৌধুরী সারাজীবন কাজ করেছেন এবং কাশ্মীর প্রশ্নে তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা।

শেহবাজ শরিফ আরও বলেন, কাশ্মীরিদের ওপর ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কাশ্মীর ইস্যুতে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

১৯৫৫ সালের ৯ আগস্ট মীরপুরের চিচিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ চৌধুরী। রাওয়ালপিন্ডিতে পড়াশোনা শেষে তিনি যুক্তরাজ্যে গিয়ে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

তিনি ছিলেন আজাদ কাশ্মীরের অন্যতম প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিক। ২০২১ সালে তিনি এজেকে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর আগে একাধিকবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মুসলিম কনফারেন্স, পাকিস্তান পিপলস পার্টির এজেকে শাখা এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এজেকে শাখার নেতৃত্বও দিয়েছেন তিনি।

এজেকে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মীর ইস্যু তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডন, নিউইয়র্ক, ব্রাসেলস ও বার্লিনসহ বিভিন্ন শহরে তিনি বিক্ষোভ ও কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। তিনিই একমাত্র এজেকে নেতা যিনি ভারত-শাসিত কাশ্মীর সফরের অনুমতি পেয়েছিলেন এবং শ্রীনগরের লালচকে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।