সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড, দেশের বাজারে ভরি বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা


প্রকাশ :

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮০০ ডলারের সীমা অতিক্রম করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের একপর্যায়ে দাম সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার পর্যন্ত ওঠে, যা সর্বকালের সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিবেশের কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা বুধবার থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।