সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ নিহত


প্রকাশ :

দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও শতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনার পর পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় কর্ডোবা প্রদেশের আদামুস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ এলাকায় একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ওপর আছড়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রেনই লাইনচ্যুত হয়ে পড়ে, একটি ট্রেন পাশের ঢালে প্রায় চার মিটার নিচে খাদে পড়ে যায়। পুলিশ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাদ্রিদের আতোচা স্টেশনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোজা ও সম্প্রতি সংস্কার করা রেলপথে এমন দুর্ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। তিনি জানান, সংশ্লিষ্ট রেললাইনটি গত মে মাসে সংস্কারকাজ শেষ হয়েছিল।

আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আহত অন্তত ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিভিসিওন এস্পানিওলা জানায়, মোট আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী একটি ট্রেনের চালকও রয়েছেন।

রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ এক বিবৃতিতে জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী বেসরকারি অপারেটর আইরিওর একটি ট্রেন আদামুজ এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় একই লাইনে চলাচলরত মাদ্রিদ–হুয়েলভাগামী রেনফের আলভিয়া ট্রেনটির সঙ্গে সংঘর্ষ ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে, কর্ডোবা ছাড়ার প্রায় ১০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে বলে জানায় আদিফ।

আইরিও কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে জানায়, সব জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়েছে এবং তদন্তে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অপরদিকে রাষ্ট্রীয় রেল অপারেটর রেনফে জানায়, আইরিওর ট্রেনটি হঠাৎ তাদের ট্রেনের সামনে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আলভিয়া ট্রেনটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও জরুরি সেবা সংস্থাগুলো রাতভর কাজ করছে।

আন্দালুসিয়ার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান আন্তোনিও সানজ জানান, ছয়জন গুরুতর এবং পাঁচজন অতি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্দোবার ফায়ার সার্ভিস প্রধান পাকো কারমোনা বলেন, আইরিও ট্রেনের যাত্রীদের বেশিরভাগকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও রেনফে ট্রেনটির কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও কিছু যাত্রী ভেতরে আটকে আছেন, যাদের উদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবারের সব কর্মসূচি বাতিল করে পরিস্থিতি সরাসরি তদারকির সিদ্ধান্ত নিয়েছেন। রাজা ও রানিও পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিতে কাছের একটি সামরিক ঘাঁটি থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

আইরিও ট্রেনে ৩০০ জনের বেশি এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আদামুজ শহরে যাত্রীদের জন্য একটি অস্থায়ী সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা খাবার, পানি ও কম্বল নিয়ে সেখানে সহায়তায় এগিয়ে এসেছেন।

এক যাত্রী মারিয়া সান হোসে বলেন, ‘চারদিকে আহত মানুষ, ভাঙা বগি—সবকিছু এখনো চোখে ভাসছে।’ আরেক যাত্রী জানান, সংঘর্ষের পর মানুষ চিৎকার করছিল, লাগেজ ছিটকে পড়ছিল, অনেকেই জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন।