বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

২০২৫ সালে মসজিদে নববীতে ৮,৩৩৫ শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন


প্রকাশ :

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে ২০২৫ সালে কোরআন হিফজ সম্পন্ন করেছেন ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বছরজুড়ে দেশ-বিদেশের ৭১ হাজারের বেশি শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। এর মধ্যে অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করছেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী। প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী সম্পূর্ণ কোরআন মুখস্থ শেষ করেছেন।

বর্তমানে মসজিদে নববীর শিক্ষা কার্যক্রমের আওতায় প্রতিদিন মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে তিন হাজারের বেশি হালাকাহ বা শিক্ষাচক্র পরিচালিত হচ্ছে। এসব ক্লাসে পাঠদান করছেন এক হাজার ৫০০-এর বেশি পুরুষ ও নারী শিক্ষক-শিক্ষিকা।

কোরআন শিক্ষার পাশাপাশি সুন্নাহ ও বিভিন্ন ইসলামী গ্রন্থে জ্ঞান অর্জনের জন্য ইজাজা প্রদানও অব্যাহত রয়েছে। প্রতিদিন গড়ে ৭৩৫ জন শিক্ষার্থী ইজাজা পাচ্ছেন। ২০২৫ সালে মোট এক লাখ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী সুন্নাহ ও ইসলামী পাঠ্যগ্রন্থে ইজাজা লাভ করেছেন। এছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সুন্নাহ ও ইসলামী জ্ঞানবিষয়ক গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেছেন।

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতিদিন ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। একই সঙ্গে বছরজুড়ে হজ ও ওমরাহ পালনে আগত ১২ লাখের বেশি হাজি ও মুসল্লিকেও শিক্ষা বিভাগের বিভিন্ন সেবার আওতায় আনা হয়।

বার্ষিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে শিক্ষা কার্যক্রমে মোট ব্যয় হয়েছে ৩৭ কোটি ৫০ লাখের বেশি ঘণ্টা। নতুন করে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি শিক্ষার্থী। কোরআন ও সুন্নাহ শিক্ষার বিভিন্ন স্তরে মোট দুই লাখের বেশি সনদপত্র ইস্যু করা হয়েছে।

বিশ্বের ১৭০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এই কার্যক্রমে প্রতিনিধিত্ব করছেন। পড়াশোনার পাশাপাশি তাদের জন্য সরবরাহ করা হয়েছে ৩০ লাখের বেশি খাবার।

মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম উম্মাহর মধ্যে কোরআন ও হাদিস শিক্ষার প্রসারে এই উদ্যোগ আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত করা হবে।

তথ্যসূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন