বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

তেহরানে রক্তাক্ত রাত, দুই শতাধিক বিক্ষোভকারী নিহত


প্রকাশ :

ইরানের রাজধানী তেহরানে সরকারবিরোধী আন্দোলন দমনে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে তেহরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। এ সময় ব্যাপকভাবে গুলি চালানো হয়, যার ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

টাইম জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাতে তারা জানতে পেরেছে—শহরের অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে।

সাময়িকীটির মতে, এই তথ্য সঠিক হলে আন্দোলন দমনে ইরানি কর্তৃপক্ষ সবচেয়ে কঠোর পথ বেছে নিয়েছে বলে ধরে নেওয়া যায়। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কবার্তাও উপেক্ষিত হয়েছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চলতে থাকলে ইরানের শীর্ষ নেতৃত্বকে এর পরিণতি ভোগ করতে হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই সরকারবিরোধী আন্দোলন ইতোমধ্যে ইরানের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নামেন।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার বিভিন্ন হাসপাতাল থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া হয়। তার ভাষ্যমতে, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। নিহতদের বড় একটি অংশ তরুণ বয়সী।

তবে টাইম স্পষ্ট করেছে, হতাহত সংক্রান্ত এসব তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।