বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানে গুলি চললে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের


প্রকাশ :

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ঘিরে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষ গুলি চালালে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না; প্রয়োজন হলে সরাসরি সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান এখন বড় ধরনের ঝুঁকির মুখে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের দখলে চলে যাওয়ার ভিডিও সামনে আসার পরই তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্পের ভাষায়, কর্তৃপক্ষ গুলি চালালে যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আল-জাজিরার খবরে বলা হয়, তেহরানের বহু বাসিন্দাকে পুলিশের পক্ষ থেকে সহিংস এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র এই অস্থিরতার পেছনে রয়েছে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে এবং বিদেশিদের ভাড়াটে শক্তিকে ইরান কোনোভাবেই মেনে নেবে না।

অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলক নমনীয় অবস্থান নিয়ে জনগণের অভিযোগ শোনার প্রয়োজনীয়তার কথা বললেও কট্টরপন্থী নেতারা শক্ত অবস্থানেই অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন।

মানবাধিকার সংগঠন হেঙ্গার তথ্যমতে, বেলুচ অধ্যুষিত জাহেদান শহরে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিলে গুলি চালানো হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীরা এমন সব এলাকা দখল করছেন যা কিছুদিন আগেও কল্পনাতীত ছিল।

ওয়াশিংটনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সম্ভাব্য সহায়তার ইঙ্গিত ইরানজুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে। ট্রাম্প বিক্ষোভকারীদের নিরাপত্তা কামনা করলেও বর্তমান পরিস্থিতিতে ইরানকে তিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি বলে মন্তব্য করেছেন।

সূত্র: আল-জাজিরা