বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

২০২৫ সালে কুবা মসজিদে রেকর্ড মুসল্লি, আগমন ছাড়াল ২ কোটি ৬০ লাখ


প্রকাশ :

ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে পরিচিত মদিনার কুবা মসজিদে ২০২৫ সালে মুসল্লি ও দর্শনার্থীর আগমন পৌঁছেছে রেকর্ড পর্যায়ে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সারা বছরজুড়ে ইবাদত ও জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছেন ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ।

ইসলামের প্রথম মসজিদে নামাজ আদায়ের সুযোগ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আধ্যাত্মিক অনুভূতির বিষয়। সেই অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও অর্থবহ করতে কুবা মসজিদকে ঘিরে আধুনিক ও সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে। এর ফলে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের ভিড় বছরজুড়েই ছিল চোখে পড়ার মতো।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালজুড়ে কুবা মসজিদে একাধিক উন্নয়ন ও সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নতুন করে প্রায় ২ হাজার ৫০০ বর্গমিটার জায়গা জুড়ে নামাজের স্থান সম্প্রসারণ করা হয়। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে তা ১৬০ টনের বেশি করা হয়েছে।

মুসল্লিদের আরাম নিশ্চিত করতে মসজিদের বাইরের অংশে স্থাপন করা হয়েছে ১৫০টিরও বেশি ছাউনি। আধুনিকায়ন করা হয়েছে সাউন্ড সিস্টেম, যেখানে যুক্ত হয়েছে ১৬০টি নতুন স্পিকার। পাশাপাশি মসজিদের আঙিনায় প্রায় ৩ হাজার বর্গমিটার এলাকায় নতুন কার্পেট বিছানো হয়েছে, যাতে ইবাদতকারীরা নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ পান।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব উন্নয়ন কার্যক্রম সৌদি ভিশন ২০৩০-এর অংশ। লক্ষ্য একটাই—কুবা মসজিদের মতো ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য আরও উন্নত, সুশৃঙ্খল ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা।

ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী কুবা মসজিদ আজও বিশ্বজুড়ে মুসলমানদের কাছে আধ্যাত্মিক টানের এক অনন্য কেন্দ্র হয়ে রয়েছে।