বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশ :

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। এটি এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যার সবচেয়ে বড় দাবি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে কাবেলো এ তথ্য জানান। এর আগে সরকারিভাবে হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এই অভিযানের পর থেকেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি চরম অস্থির হয়ে উঠেছে। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো জানান, নিহতদের মধ্যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর অন্তত ২৩ জন সদস্য রয়েছেন। এদের একটি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে মার্কিন সেনারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এদিকে কিউবা সরকারও জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

অভিযানে নিহতদের স্মরণে গত মঙ্গলবার থেকে ভেনেজুয়েলায় এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত সেনাসদস্যদের ‘দেশের সাহসী সন্তান’ হিসেবে আখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো।

মাদুরো দম্পতির শারীরিক অবস্থার বিষয়ে কাবেলো জানান, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে সিলিয়া ফ্লোরেস মাথায় গুরুতর আঘাত পান এবং প্রেসিডেন্ট মাদুরো পায়ে আহত হন। বর্তমানে তারা দুজনই যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে।

এদিকে রাজধানী কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম চালু রাখার পাশাপাশি জনসমর্থন ধরে রাখার চেষ্টা চলছে। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর মনোবল অটুট রাখতে আহ্বান জানিয়ে মঙ্গলবার কারাকাসে এক বড় সমাবেশেও অংশ নেন কাবেলো।

সূত্র: রয়টার্স