কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর) আনতিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনে যাচ্ছিল। এতে লিসেও আনতিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন, যারা সমুদ্রসৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রেমেদিওস–সারাগোসা সড়কের এল চিসপেরো এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
আহতদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলো রয়েছেন।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ ও জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা।