বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় গুলিবর্ষণ, নিহত ২, আহত একাধিক


প্রকাশ :

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার চলাকালে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় এবং এখনো তাকে আটক করা যায়নি।

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ঘটনার সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, হামলার খবর প্রথম আসে বিকাল ৪টা ৫ মিনিটের দিকে জরুরি নম্বর ৯১১-এ ফোনের মাধ্যমে। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি কালো পোশাক পরা ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

হামলার পর বিকাল ৪টা ২২ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সতর্কবার্তা জারি করে। এতে শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে, দরজা বন্ধ রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়। বারুস ও হোলে ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্স ভবনের আশপাশে সক্রিয় হামলাকারীর আশঙ্কার কথা জানানো হলেও পুলিশ তল্লাশি চালিয়ে সেখানে কাউকে পায়নি।

এদিকে, কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী আটক হওয়ার খবর ছড়ালেও পুলিশ তা নিশ্চিত করেনি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে আটক হওয়ার ইঙ্গিত দিলেও পরে সে বক্তব্য থেকে সরে আসেন। ফলে ঘটনাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও সন্দেহভাজনের পরিচয় জানতে তদন্ত চলছে। হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।