বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারীতে তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বি তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে লাদেন তাকে চড়-থাপ্পড় দেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিল। এ সময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।