সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জামায়াত নেতাদের এক্স হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ডিবি হেফাজতে


প্রকাশ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। যাচাই–বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে রাত ১২টার পর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি। অভিযান চলাকালে ডিবি প্রধান গণমাধ্যমকে জানিয়েছিলেন, একটি অপারেশন চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার সূত্রপাত গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে। সেদিন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য দেখা যায়। পরে সেটি মুছে ফেলা হয়।

জামায়াত আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তাদের নেতার অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে ভুয়া পোস্ট দেওয়া হয়েছে এবং দলের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এর পরদিন দলটি অভিযোগ করে, বঙ্গভবনের ই–মেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে।

সর্বশেষ, মঙ্গলবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছে বলে জানায় দলটি।

ডিবি সূত্র বলছে, একই নেটওয়ার্ক থেকে একাধিক অ্যাকাউন্টে হামলা হয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।