দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিএইচডি), বাংলাদেশ চ্যাপ্টারের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এই সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নির্বাহী কমিটির সমন্বয়ক আইয়ুব আনসারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিএইচডি বাংলাদেশের প্রতিনিধি নজরুল ইসলাম জসিম, উপ-সমন্বয়ক মোহাম্মদ সেলিম রেজা, শামসুল হক বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা ড. এস. এম. শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার’৭১), মীর জহিরুল ইসলাম, কাজী জিয়া শামস, খন্দকার মাহবুবুর রহমান হিমেল এবং নুরুল নাহার শিখা।
সভায় প্রথমেই ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যমান ১৮ সদস্যের কমিটির সঙ্গে আরও দুইজন নতুন সদস্য যুক্ত করে ২০ সদস্যবিশিষ্ট ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটিতে আইয়ুব আনসারীকে সমন্বয়ক এবং মোহাম্মদ সেলিম রেজাকে উপ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য হলেন মীর জহিরুল ইসলাম, কাজী জিয়া শামস, খন্দকার মাহবুবুর রহমান হিমেল, বীর মুক্তিযোদ্ধা ড. এস. এম. শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার’৭১) এবং নুরুল নাহার শিখা।
সভায় দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের ম্যানুয়াল বই বাংলা পরিভাষায় রূপান্তরের সিদ্ধান্তও গৃহীত হয়। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে সভা করে কাজ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন শামসুল হক বসুনিয়া, মীর জহিরুল ইসলাম, সমন্বয়ক আইয়ুব আনসারী, শেখ মোহাম্মদ আরীফ এবং উপ-সমন্বয়ক মোহাম্মদ সেলিম রেজা।
এদিকে সংগঠনের আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। পরিকল্পনার অংশ হিসেবে ৪ মে হিউম্যানিস্ট মুভমেন্টের জন্মবার্ষিকী ও ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস উদযাপন, বিভিন্ন সেন্টারের কার্যক্রম দ্রুত প্রস্তাবনা আকারে উপস্থাপন এবং সংগঠনের জন্য বিভিন্ন গিফট ম্যাটেরিয়াল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।