সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির কাছে টাকা দাবি: সিআইডির হাতে প্রতারক আটক


প্রকাশ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে অর্থ দাবি করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারকৃতের নাম মো. শামিম ওসমান (২৯)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

সিআইডি জানায়, গত ১৯ জানুয়ারি সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে শামিম ওসমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

ওই বার্তায় তিনি রাজনৈতিক গ্রেপ্তার সংক্রান্ত বিভ্রান্তিকর নির্দেশনা দেন এবং তথাকথিত মাসিক ‘কালেকশন’ প্রসঙ্গে কথা বলে একটি ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সিপিসি ও সিআইডিকে অবহিত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সিআইডি আরও জানায়, শামিম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।