সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে কড়া নির্দেশ --প্রধান উপদেষ্টার


প্রকাশ :

২০ জানুয়ারি ২০২৬: আসন্ন জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র যেকোনোভাবে এবং দ্রুততম সময়ে উদ্ধারের ওপর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্বাচন শুরুর আগেই এসব অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় সভাপতিত্বকালে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি নিকার-এর প্রথম সভা।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, সভায় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং এ ক্ষেত্রে লুট হওয়া অস্ত্র উদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

নির্বাচন নিয়ে সংশয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করছেন, তাদের অতীত ভূমিকা সরকারের অজানা নয়। গত সাড়ে ১৫ বছরে তারা কী ধরনের দালালি করেছেন, সেটিও জানা আছে। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, তবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়।

তিনি আরও বলেন, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে নির্ধারিত তারিখেই একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যারা ‘নির্বাচন হবে না’—এ ধরনের বক্তব্য দিচ্ছেন, তাদের উচিত এর পেছনে যৌক্তিক ও বাস্তব কারণ তুলে ধরা। যুক্তি ছাড়া এমন দাবি গণতন্ত্র ও নির্বাচনবিরোধী প্রপাগান্ডা বলেই বিবেচিত হবে।

তিনি জানান, নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হচ্ছে।

এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, দেশের মানুষ তা বিশ্বাস করে না।