সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

যাত্রীবাহী বাসে অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন আটক


প্রকাশ :

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই দুজনের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।