বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলিতে নিহত ১


প্রকাশ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে নুর কামাল নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ক্যাম্প এলাকায় ডাকাত খালেক বাহিনী ও নুর কামাল বাহিনীর মধ্যে হঠাৎ করে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নুর কামাল। পরদিন শনিবার (১০ জানুয়ারি) সকালে ক্যাম্পের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই ডাকাত দলের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত সহিংস সংঘর্ষে রূপ নেয়। নিহত নুর কামাল নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পেরই বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, উভয় ডাকাত দল দীর্ঘদিন ধরে ক্যাম্পে ডাকাতি, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নুর কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।