দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। একই ধারায় যদি বাংলাদেশ আবার পরিচালিত হয়, তাহলে মানুষের এই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না।
তিনি বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেটে রাষ্ট্রক্ষমতায় এসেছে। মানুষের আমাদের প্রতি অনেক আশা-আকাঙ্ক্ষা ও দাবি রয়েছে। সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে শুধু রাজনীতিবিদদের সৎ থাকলেই হবে না, সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সৎ থাকতে হবে। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অভিযাত্রা শুরু হয়েছে আমাদের বর্তমান নেতা তারেক রহমানের নেতৃত্বে। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
শনিবার (১৪ মার্চ) চরপঃঁৎব লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে খদাবাগ আরঅ্যান্ডএইচ সড়ক থেকে কাশিয়াবাড়ী প্রাইমারি স্কুল ভায়া ছিড়ামালী পর্যন্ত পাকা সড়কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, এখন থেকে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেগুলো অবশ্যই সরকারের নির্ধারিত এস্টিমেট ও নকশা অনুযায়ী করতে হবে। কোথাও এর ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই ইউনিয়নের মানুষ বর্ষাকালে চলাচলে খুব কষ্ট পেতেন। আমিও একসময় এই রাস্তায় ডালা দিয়ে মাটি কেটেছি। তখনকার সরকারের কাছে বারবার এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছিলাম, যেন এটি পাকা করা হয়। কিন্তু তখন তা সম্ভব হয়নি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমার নির্বাচনী এলাকায় এই রাস্তার কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এর আগে সকালে বড়বাড়ি বাজারে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি। পরে খেদাবাগ একরামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনও করেন।
এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাসসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।