শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা সম্মানী নির্ধারণ


প্রকাশ :

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) ভিত্তিতে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতকে মাসিক সম্মানী দেওয়া হবে। এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এ সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকল্প অনুযায়ী প্রতিটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে।

অন্যদিকে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়ের জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবাইত ৩ হাজার টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা এবং গির্জার যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানী পাবেন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন ধর্মের সেবায় নিয়োজিত ব্যক্তিদের সহায়তা করার লক্ষ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।