শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সংবিধান সংস্কার পরিষদের শপথ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি: রংপুরে নাহিদ


প্রকাশ :

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, সংসদে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করাতে হবে এবং বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন, খুব শিগগিরই সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু হবে এবং সরকারি দলও সংবিধান সংস্কারের শপথ নিতে সম্মত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেটিকে কার্যকর করা সংসদ সদস্যদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই আমরা সংসদে যাচ্ছি। দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় নিয়েই সংসদে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে পারে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য জরুরি। ঐক্য ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিশু হত্যা ও নারী ধর্ষণের মতো অপরাধ ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকেই একসময় স্বৈরতন্ত্রের জন্ম হয়েছিল। তাই যেখানে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে। গণভোটের অঙ্গীকার বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিকুর রহমান মোজাহিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেতা সাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।