আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক বিশেষ প্রজ্ঞাপনে জানিয়েছে, এই বিধিনিষেধ ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনায় নিরাপত্তা ঝুঁকি কমানো এবং বিশৃঙ্খলা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
একই প্রজ্ঞাপনে অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জরুরি সেবার যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সংবাদকর্মী, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন নির্বাচন কমিশন বা প্রশাসনের অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে। বিদেশগামী যাত্রী এবং বন্দরের জরুরি পণ্যবাহী পরিবহন প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে যাতায়াতের সুযোগ পাবে।
ভোটারদের যাতায়াতের সুবিধার্থে সীমিত পরিসরে গণপরিবহন ও রিকশা চলাচল করবে, তবে মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রশাসন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে এই কড়াকড়িকে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য দেশজুড়ে গড়ে তোলা নিরাপত্তা বলয়ের অংশ হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।