শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার (৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন বাতিল করবেন। এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নতুন তফসিল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আগের বৈধ প্রার্থীরা নতুন করে মনোনয়নপত্র দাখিল করবেন না।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত হয়ে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করতে হয়।