সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচনী সমাবেশে আগমীকাল হাতীবান্ধায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বড় ধরনের নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং লালমনিরহাট-১ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণসংযোগ করবেন।

রোববার লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকাল ১০টায় হেলিপ্যাড মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। এই জনসভাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু তাহের বলেন, জামায়াত আমীরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে স্থানীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। শুধু নেতাকর্মীই নয়, সাধারণ মানুষের মধ্যেও এ সফর ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমীরের বক্তব্য হবে নির্বাচন, গণভোট ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক। পাশাপাশি তিনি সরাসরি ভোটারদের কাছে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু। এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজক সূত্র বলছে, তিস্তা ব্যারেজ এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।