সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পূর্বাচল প্লট দুর্নীতি: টিউলিপ ২, আজমিনা ৭, শেখ হাসিনাসহ বাকিদের ৫ বছর কারাদণ্ড


প্রকাশ :

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির দুই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

প্রথম মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছর, আজমিনা সিদ্দিককে ৭ বছর এবং শেখ হাসিনাসহ অন্য আসামিদের প্রত্যেককে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

দ্বিতীয় মামলায় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছর, টিউলিপকে ২ বছর এবং শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পূর্বাচলে আলাদা আলাদাভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। একই ঘটনায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন। পরে তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম ও উপ–পরিচালক নায়েব আলী শরীফ।

পরবর্তী সময়ে যুক্ত হওয়া দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।