জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামত উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এই তথাকথিত ‘হ্যাঁ’ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী।জনগণের অংশ গ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না।
‘না’ ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী।
শনিবার বিকেলে নগরীর সিটি বাজার এলাকায় নিজের নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় তিনি রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চান।
জিএম কাদের বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই—দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটির মাধ্যমেই দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না।
নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘‘দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ কিংবা কোনো কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না।”
জিএম কাদের বলেন,রংপুরের মানুষ ঐতিহ্যগত ভাবেই জাতীয় পার্টির প্রতি আস্থাশীল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রংপুর সদর ৩ আসনের জনগণ আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করবে। জনগণ জানে কারা সত্যিকার অর্থে তাদের কথা বলে এবং কারা শুধু ক্ষমতার রাজনীতি করে।নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন,জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
জিএম কাদের আরও বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয় জনগণের রাজনীতি করতে চাই।জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণই প্রমাণ করবে দেশ কোন পথে যেতে চায়।
নির্বচনী প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী বলে জানান।