সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপীদের নির্বাচনে অংশ নিতে পারবেন না: আখতার হোসেন


প্রকাশ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপীরা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। ব্যবসার নামে যারা দীর্ঘদিন ধরে কর ও ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন, তাদের বিরুদ্ধেও নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, যদি দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি কিংবা ঋণখেলাপীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপিসহ দশ দলীয় জোট সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে। নির্বাচন কমিশন যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠতার কারণে বৈষম্যমূলক আচরণ করে, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রোববার (১৮ জানুয়ারি) সকালে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দেশব্যাপী জাতীয় ছাত্রশক্তির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা কার্যক্রম শুরুর কথাও জানান তিনি।

আখতার হোসেন বলেন, কেউ যতই ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাক না কেন, বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত ‘হ্যাঁ’-এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে। নতুন বাংলাদেশ, সংস্কার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনগণ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আপামর জনতার কাছে জাতীয় ছাত্রশক্তি প্রচারণা চালাবে। পুলিশ, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক, আলেম, নারীসহ হিন্দু-মুসলমান সব শ্রেণি-পেশার মানুষের কাছে সংস্কারের বার্তা পৌঁছে দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, শহীদ হাদী হত্যাকাণ্ডে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের সহযোগীদের বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

কবর জিয়ারত শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।