সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গণতন্ত্র টিকাতে রাজনৈতিক সংস্কার দরকার: রংপুরে ড. বদিউল আলম


প্রকাশ :

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অপরিহার্য। গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা না হলে গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। যে লক্ষ্যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন এবং জুলাই অভ্যুত্থানে মানুষ প্রাণ দিয়েছেন, তা যেন ব্যর্থ না হয়—এ দায়িত্ব সবার।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে সুজন আয়োজিত ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা এবং পরবর্তীতে গণভোটে সংস্কার প্রস্তাব গৃহীত হলে তা যথাযথভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

তিনি বলেন, একাত্তরে স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নব্বইয়ের তিন জোটের রূপরেখাও বাস্তবায়ন হয়নি। এখনো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

ড. বদিউল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু অঙ্গীকারের ভিত্তিতে দায়িত্ব নিয়েছে। অভ্যুত্থানের পর অগ্রাধিকার পেয়েছে নির্বাচন, সংস্কার ও বিচার। এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের মাধ্যমে সংস্কার বিষয়ে জনমত গঠনের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন যথেষ্ট নয়। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার সূচনা মাত্র। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য প্রয়োজন আইনি সংস্কার, নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক পরিবেশকে কলুষমুক্ত করা, টাকার খেলা বন্ধ করা এবং নাগরিক ও গণমাধ্যমের ওয়াচডগ ভূমিকা নিশ্চিত করা। একই সঙ্গে নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, যাতে ভোটের মাঠ সবার জন্য সমতল থাকে।

সংলাপে বক্তব্য দেন রংপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল, বাসদের প্রার্থী আনোয়ার হোসেন বাবলু, আব্দুল কুদ্দুস, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, আইনজীবী মাহে আলমসহ অনেকে।

জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে এবং মহানগর সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে রংপুর বিভাগের আট জেলার সংসদ সদস্য প্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সুজনের সংগঠক ও গণমাধ্যমকর্মীরা সংস্কার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।