বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে—এমন প্রত্যাশার কথা বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বৈঠক শেষে এ তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর অংশ নেন। আলোচনায় অ্যালিসন হুকার আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরেন।

শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও জোরদার করার সম্ভাবনার কথা বলেন। একই সঙ্গে সাম্প্রতিক ভিসা বন্ড নীতির কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াতে যে জটিলতা তৈরি হয়েছে, তা সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদি বি-১ ব্যবসায়িক ভিসায় ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে নীতিগতভাবে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহের কথাও তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ প্রসঙ্গে অ্যালিসন হুকার বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সঙ্গে নিয়ে এ নিয়ে কাজ করতে আগ্রহী।

ভিসা বন্ড বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে বলেও জানান অ্যালিসন হুকার। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমে এলে বর্তমান ভিসা বন্ড নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। খলিলুর রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। জবাবে অ্যালিসন হুকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে বড় বোঝা বহন করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং তারা যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন তাদের জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেন।

এ ছাড়া বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নে প্রবেশাধিকার এবং দেশে সেমিকন্ডাক্টর উন্নয়নে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বিবেচনার অনুরোধ জানান খলিলুর রহমান। আন্ডার-সেক্রেটারি এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আশ্বাস দেন।

পৃথক বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আসন্ন নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।