ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে সায়ের জানান, হামলার পর ফয়সাল করিম মাসুদ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে একটি সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠান।
সায়েরের দাবি অনুযায়ী, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি বলেন, ভারতে প্রবেশের পর ফয়সাল করিম মাসুদ একটি ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করেন, যেখান থেকে ওই সেলফিটি পাঠানো হয়।
পোস্টে সায়ের একটি ভারতীয় নম্বরের আংশিক তথ্য উল্লেখ করে দাবি করেন, ওই নম্বর ব্যবহার করে কয়েকটি নম্বরে সেলফিটি পাঠানো হয়। তার ভাষ্য অনুযায়ী, পাঠানো ছবিগুলোর একটি ইন্টারসেপ্ট করে সংগ্রহ করা হয়েছে এবং সেটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, ওসমান হাদির চিকিৎসা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি অব্যাহত রয়েছে।