যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস, ২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলাপ্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। ১৫ই ডিসেম্বর সন্ধ্যা থেকে ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়্ত্তশাসিত স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন নিশান দ্বারা সুসজ্জিত করা হবে বলে কর্মসূচিতে জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়্ত্তশাসিত ও বেসরকারি ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং একই স্থানে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের কথা সময়সূচিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকাল ৯ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় সংগীতে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও একই স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হবে। জেলাপ্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহ আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে সদর হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার/আল নাহিয়ান শিশু পরিবার, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।
এরপর বিকাল ৩ টায় কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলার উদ্বোধন করা হবে, যা চলবে ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রি. (প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা) পর্যন্ত। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিকাল ৩:৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অংশ হিসাবে সুবিধাজনক সময়ে লালমনিরহাট স্মৃতিসৌধ প্রাঙ্গণে ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জেলাপ্রশাসন থেকে জানানো হয়েছে। এছাড়া লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
লালমনিরহাট জেলাপ্রশাসক মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠেয় সকল পর্বে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।