বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাল বিএনপি


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুপুরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নির্বাচনী পরিবেশ নষ্ট করে সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার নীলনকশা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। পরিকল্পিতভাবে সমাজে ভয়–আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে তারা সক্রিয়। হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে হিংস্র সন্ত্রাসীরা চারদিকে পরিব্যাপ্ত হয়ে আছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী গোষ্ঠী দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে। ঢাকা–৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

বিএনপি বলেছে, নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথচলা থামিয়ে দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তাই এসব সন্ত্রাসী কার্যকলাপকে কঠোরভাবে দমন করা ছাড়া বিকল্প নেই।

দলটি আরও জানিয়েছে, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় দল–মত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার অপচেষ্টায় আরও বেপরোয়া হয়ে উঠবে।

বিএনপি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতাও কামনা করেছে দলটি।