সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

আজ জামায়াত আমিরের রাজশাহীর চার জেলায় জনসভা


প্রকাশ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচার জোরদার করতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগের চার জেলায় ধারাবাহিক নির্বাচনী জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে রাজশাহী অঞ্চলে এটিই তার শেষ সফর বলে দলীয় সূত্রে জানা গেছে।

দিনভর আয়োজিত এসব জনসভায় তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং দলীয় নেতা–কর্মীদের সাংগঠনিক ও নির্বাচনী দিকনির্দেশনা দেবেন। তার সফর ঘিরে উত্তরবঙ্গজুড়ে জোটের কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে।

আজকের কর্মসূচি শুরু হবে নওগাঁ দিয়ে। বেলা ১১টায় নওগাঁ শহরের এটিএম মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জে যাবেন এবং বেলা সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের সমাবেশে অংশ নেবেন।

দুপুরে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। বিকেলে রাজশাহী শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে বড় পরিসরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা করবেন তিনি।

রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যায় ডা. শফিকুর রহমান নাটোরে পৌঁছাবেন। সেখানে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন এবং রাতেই নাটোরে অবস্থান করবেন।

প্রতিটি জনসভায় জামায়াত আমিরের পাশাপাশি ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারাবাহিক সফর রাজশাহী অঞ্চলে জোটের নির্বাচনী অবস্থান আরও দৃঢ় করবে।

আগামী ৬ ফেব্রুয়ারি তিনি বরিশালে আরেকটি জনসভায় যোগ দেবেন। দলটির ভাষ্য, এসব কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে নিজেদের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরছে।

জনসভাগুলো ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় আয়োজকেরা বলছেন, প্রতিটি সমাবেশেই বড় ধরনের জনসমাগম হবে।