গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (১২ জানুয়ারি) একটি ফটোকার্ড প্রকাশ করেছে। ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।
ফটোকার্ডে লেখা রয়েছে—‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’
প্রেস উইং জানিয়েছে, গণভোট প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।
এদিকে, গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।