জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং নারী-পুরুষের জন্য ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এনসিপি বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করবে। একই সঙ্গে নাগরিক সেবা ব্যবস্থাকে সুপারিশ ও দালালমুক্ত করে জনগণকে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়ার ব্যবস্থা করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ের জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন জানান, সরকারি হাসপাতালে রোগীসেবায় ‘টেক কেয়ার’ পদ্ধতি চালু করা, মসজিদ ও মন্দিরে বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতিটি ইউনিয়ন ও বড় বাজার এলাকায় তথ্য বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগের মাধ্যমে সেবাপ্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবু রেজা, কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি সাইদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
মতবিনিময়ের শেষে আখতার হোসেন বলেন, কাউনিয়া-পীরগাছার জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।